ভারতের বিপক্ষে ম্যাচটা যেখান থেকে শেষ করেছিল, মালদ্বীপের বিপক্ষে সেখান থেকেই যেন শুরু করল পাকিস্তান। জাতীয় স্টেডিয়ামে আজ রোববার ম্যাচের ২৪ মিনিটেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় দলটি। ৩-০ গোলের দাপটে জয়ে সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান, যা ভারত ও মালদ্বীপের উত্তরণকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।
আসরের প্রথম ম্যাচে ভারত ৩২ মিনিটের মধ্যে ৩-০ গোলের লিড নিয়েছিল, ধারণা করা হচ্ছিল—অসহায় আত্মসমর্পণ করছে পাকিস্তান। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে গিয়ে বদলে যায় দৃশ্যপট। তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল পাকিস্তান। ৩-২ গোলে হারা ম্যাচের সেই ক্ষুধার্ত অবস্থা থেকেই যেন এদিন মালদ্বীপের বিপক্ষে শুরু করল পাকিস্তান।
কিক-অফের পর তৃতীয় মিনিটে পেনাল্টি আদায় করা ম্যাককিল আব্দুল্লাহ পরে স্পট কিক থেকে গোলও করেন। ম্যাচের বাকি গল্পটা নাজিব উল্লাহকে ঘিরে রচিত হলো। ৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন এ ফরোয়ার্ড। ২৪তম মিনিটে দলের তৃতীয় গোলও করেছেন ১৯ বছর বয়সি এ ফরোয়ার্ডই।
এক জয়ে ২০১৮ সালের পর দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসরের সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। ৬ বছর আগে ঢাকায় সেমিফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরেছিল পাকিস্তান। ভারত ও মালদ্বীপের মধ্যকার ম্যাচে ‘বি’ গ্রুপের আরেক দলের সেমিফাইনাল নিশ্চিত করবে। সেই ম্যাচে দুই দলের সামনেই থাকছে সুযোগ।
