আগের ম্যাচে শতরান করেছিলেন জাস্টিন গ্রিভস। কিন্তু চোটের কারণে আজ তিনি খেলতে পারেননি। তবে তার জায়গায় ওপেনিংয়ে ব্যাট করতে নামেন জন ক্যাম্পবেল। আর ভারতের বিপক্ষে মাঠে নেমেই বুঝিয়ে দিলেন, উইন্ডিজের ব্যাটিংয়ে ঝড় তোলার ক্ষমতা এখনও অটুট।
ভারতের বিপক্ষে ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন এই ক্যারিবীয় ব্যাটার। ক্রিস গেইলের রেকর্ডও টপকে গেলেন তিনি। ভারতীয় বোলারদের বেধরক পিটিয়ে মাত্র ৬৫ বলেই শতরান করেন ক্যাম্পবেল।
ভারতের একাদশে আজ একটি পরিবর্তন করে আকিব নবিকে অভিষেকের সুযোগ দেওয়া হয়। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। পঞ্চম ওভারেই প্রসিধ কৃষ্ণ প্রথম সাফল্য এনে দেন। তার বলে ৯ রানে কেসি কার্টি ক্যাচ দিয়ে ফেরেন। দুর্দান্ত ক্যাচটি নেন নমন ধীর। তবে কার্টি ফিরলেও অন্য প্রান্তে তখন দাপট দেখাচ্ছিলেন জন ক্যাম্পবেল। মাত্র ৬.১ ওভারেই ৫০ রান পূর্ণ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে তিরুবনন্তপুরমেও ভারতের বিপক্ষে ৬.১ ওভারে ৫০ রান তুলেছিল তারা। এদিন অবশ্য প্রসিধ কৃষ্ণের পরের ওভারেই ম্যাচের রং আরও বদলে দেন ক্যাম্পবেল। ওই ওভারে একাই ২২ রান তুলে নেন তিনি। ভারতের বিপক্ষে একদিনের ক্রিকেটে কোনও উইন্ডিজ ব্যাটারের এক ওভারে করা যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড এটিই। এর আগে ২০০২ সালে পোর্ট অফ স্পেনে টিনু ইয়োহানানের এক ওভারে ২৪ রান করেছিলেন ক্রিস গেইল।
২৯ বলে অর্ধশতরান, ৬৫ বলেই সেঞ্চুরি
ক্যাম্পবেলের ব্যাট থামার কোনও লক্ষণ ছিল না। মাত্র ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটারের এটাই দ্রুততম অর্ধশতরান। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। ২০০২ সালে আহমেদাবাদে ৩০ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। প্রথম ১০ ওভার শেষে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৯৬ রান। ভারতের বিপক্ষে প্রথম ১০ ওভারে উইন্ডিজের এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০১৯ সালে পোর্ট অফ স্পেনে কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান করেছিল তারা। এ দিনের ৯৬ রান আবার ২০০২ সালে বরোদায় করা ৮৬ রানের রেকর্ডকেও টপকে যায়।
এই ৯৬ রানের মধ্যে ক্যাম্পবেলের অবদান ছিল ৬৯। ভারতের মাটিতে প্রথম ১০ ওভারে উইন্ডিজের হয়ে এর চেয়ে বেশি রান করার নজির রয়েছে শুধু অস্ট্রেলিয়ার— ১১২ রান। এর পর ৬৫ বলে শতরান পূর্ণ করেন ক্যাম্পবেল। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৫টি ছক্কা। উইন্ডিজের হয়ে এক দিনের ক্রিকেটে এটি পঞ্চম দ্রুততম শতরান। ভারতের বিরুদ্ধে দ্রুততম শতরান করা উইন্ডিজ ব্যাটারদের তালিকাতেও তিনি উঠে এলেন সবার উপরে।
এটি ক্যাম্পবেলের এক দিনের ক্রিকেটে দ্বিতীয় শতরান। উইন্ডিজের হয়ে দ্রুততম এক দিনের শতরানের তালিকায় অবশ্য এখনও শীর্ষে ব্রায়ান লারা। ১৯৯৯ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে মাত্র ৪৫ বলে শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ক্রিস গেইল, ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫ বলে শতরান করেছিলেন।
উইন্ডিজের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি
৪৫ বল- ব্রায়ান লারা, বাংলাদেশের বিপক্ষে, ঢাকা, ১৯৯৯
৫৫ বল- ক্রিস গেইল, ইংল্যান্ডের বিপক্ষে, সেন্ট জর্জস, ২০১৯
৬১ বল- এভিন লুইস, শ্রীলঙ্কার বিপক্ষে, পাল্লেকেলে, ২০২৪
৬৩ বল- নিকোলাস পুরান, নেদারল্যান্ডসের বিপক্ষে, হারারে, ২০২৩
৬৫ বল— জন ক্যাম্পবেল, ভারতের বিপক্ষে, গুয়াহাটি, ২০২৬
৬৬ বল— শাই হোপ, নিউজিল্যান্ডের বিপক্ষে, নেপিয়ার, ২০২৫
