ভালুকায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শিহাব মিয়া (২১) নামে এক কারখানাকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব মিয়া উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি উপজেলার মল্লিকবাড়ী মোড় এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন শিহাব। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন