ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৫ বছরের শিশু ফারহান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ মে ২০২৬, ০৯:০৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আহত ফারহান আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারহান উপজেলার ধামশুর উত্তরপাড়া গ্রামের লিটন আহমেদের ছেলে। সে স্থানীয় হলিব্রাইড কিন্ডারগার্টেনের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফারহান তার মায়ের সঙ্গে হেঁটে স্কুলে যাচ্ছিল। ধামশুর–মামারিশপুর সড়কে হালিমুন্নেছা চৌধুরানী বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে সে মায়ের হাত ছেড়ে দৌড়ে স্কুলের ভেতরে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় ফারহানকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। বিষয়টি লোকমুখে শুনে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন