হবিগঞ্জের মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে ভুয়া ‘বিল অব এন্ট্রি’ ও চালানপত্র তৈরির মাধ্যমে অবৈধভাবে এসব দেশে আনা হয়েছিল।
জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। সর্বমোট জব্দ করা চালানের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা।
সোমবার (৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার দিকে পাচার করা হতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তল্লাশি চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০টি বস্তায় রাখা ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
একই সময়ে ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র স্ক্যান ও জালিয়াতি করে তৈরি করা বিল অব এন্ট্রি ও চালানপত্রের কপি উদ্ধার করে বিজিবি। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করে নথিপত্রগুলো ভুয়া প্রমাণিত হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার পাশাপাশি সংযুক্ত সড়কগুলোতেও বিজিবির গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধার করা ভারতীয় জিরা ও ট্রাকটি আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
