ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভোররাতে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা ‘হালকা’ শ্রেণির মধ্যে পড়ে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১৭৫ কিলোমিটার।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার। সংস্থাটির হিসাবে কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন