মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ PM

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জহিরুল আলম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান জন্টু বলেন, শিক্ষার প্রকৃত মানোন্নয়ন শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং নিবিড় তদারকি প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান গভর্নিং বডি কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার সঙ্গে নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি মো. খবির মিয়া, ইসরাফ্রিল আলম ও বাবুল মিয়া, বিদ্যোৎসাহী সদস্য আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক সমীর ঘোষ এবং শিক্ষক প্রতিনিধি ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন পারভেজ।

এ সময় গভর্নিং বডির অন্যতম দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমাবেশের উন্মুক্ত আলোচনাপর্বে অভিভাবকেরা তাঁদের সন্তানদের পড়াশোনার অগ্রগতি, কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়ে মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। শিক্ষার্থীরাও তাঁদের প্রত্যাশা, সমস্যা ও বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।