মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া নতুন ফ্যাসিবাদের পদধ্বনি: মহিলা জামায়াত 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া নতুন ফ্যাসিবাদের পদধ্বনি বলে মন্তব্য করেছেন মহিলা জামায়াতের আইন ও মানবাধিকার সম্পাদিকা সাবিকুন্নাহার মুন্নী। তিনি হুশিয়ারি দিয়েছেন, নারীর গায়ে হাত উঠলে সরকারকে কঠোর জবাব দেওয়া হবে। 

ভোলার জামায়াত কর্মী সাওদা সুমির গ্রেপ্তারের প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।  

এ সময় মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেন, মধ্যরাতে বাসা থেকে তুলে নেয়ার সংস্কৃতি ছিল পতিত সরকারের। সাওদাকে গ্রেপ্তারের মাধ্যমে বর্তমান সরকারও সেই পুরোনো ফ্যাসিবাদের দিকেই ফিরে যাচ্ছে। নতুন করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাইলে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। মধ্যরাতে বাসা থেকে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। 

তিনি বলেন, কথা বলার অধিকার হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, নারীদের মর্যাদা হানি হয়েছে। নারী সমাজের গায়ে হাত উঠলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদকে অস্বীকার, মাধ্যমে কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে পতিত সরকারের পথ অনুসরণ করছে বর্তমান সরকার।  গণভোটকে অস্বীকার করছে সরকার, যার ফলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। 

এ সময় সাওদা সুমির মামলা প্রত্যাহার করা না হলে নতুন করে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন নেত্রীরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর