ময়মনসিংহে ইয়াবা নিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

রোববার (১২ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার ও পূর্ব গোবরাকুড় এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করানো হলে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের দণ্ড প্রদান করা হয়।

রায়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অপর দুই আসামি আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন