প্রায় ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার তিনি ময়মনসিংহে জনসভায় অংশ নেবেন। তার আগমনকে ঘিরে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শুভেচ্ছা মিছিল।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হাইস্কুল মোড় থেকে শুরু হওয়া শুভেচ্ছা মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন। এ সময় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিছিল শেষে কোর্ট ভবন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, আহসান উল্লাহ খান রুবেল, উসমান গণি মৌলিক মাখন, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন খান পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম জোরদার করবে।
