বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মসজিদের ওয়াশরুম থেকে আবুল কালাম প্রকাশ আবু নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম (৪৫) দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হামিমের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ বাইশারী এলাকায় বসবাস করতেন। বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকান ছিল তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মসজিদের ওয়াশরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
