রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি সাত তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে।
ঘটনাস্থলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের একটি তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের খবর ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই তাড়াহুড়ো করে ভবন থেকে নিচে নেমে আসেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত ৭টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। জনবহুল এলাকা হওয়ায় এবং আগুনের তীব্রতা বেশি থাকায় পার্শ্ববর্তী ইউনিটগুলোকেও তলব করা হয়েছে।
