দাবি
দাবি করা হচ্ছে– ছেলে আওয়ামী লীগ সমর্থন করার অপরাধে বিএনপির নেতাকর্মীরা বাড়িঘর ভাঙচুর করেছে। পোস্ট দেখুন– এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
মূলত, গত ২৮ আগস্ট ময়মনসিংহের সদরে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদক কারবার ও সেবনের অভিযোগ তুলে নাজিরুল নামের এক ব্যক্তির বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করে। সেই ঘটনার ভিডিও এটি।
বিস্তারিত
অনুসন্ধানে বিডিনিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ২৯ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
বিডিনিউজ২৪ ভিডিওর ক্যাপশনে বলেছে, গত ২৯ আগস্ট (শুক্রবার) ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে পচার মোড় এলাকায় ‘মাদক ব্যবসার’ অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। সেই ঘটনার ভিডিও এটি।
এছাড়া, উক্ত ঘটনার নিয়ে প্রচারির আরও সংবাদ দেখুন- ইউএনবি এবং কালের কণ্ঠস্বর।
সংবাদগুলো থেকে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের পচার মোড় এলাকায় মাদকবিরোধী একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আওয়ামী লীগের নেতা ও উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলামের নেতাকর্মীরা চর নিলক্ষীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে নাজিরুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ তুলে তার বাড়িতে ভাঙচুর করে।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য চর নিলক্ষিয়া ইউনিয়নের একাধিক ব্যক্তির সাথে কথা বলে কালবেলা।
চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফকির আব্দুল জলিল বলেন, ‘তিনি (নাজিরুল) সবসময় এভাবেই মাদকদ্রব্য বিক্রি করতেন। এতে এলাকার যুবসমাজ নষ্ট হচ্ছে। তাকে বারবার এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বলা হলেও তিনি তা বন্ধ করেননি। পরবর্তীতে এলাকার লোকজন একত্রিত হয়ে তার বাড়িতে ভাঙচুর করেন।’
তিনহ আরও বলেন, ‘অনেকে তাকে আওয়ামী লীগের নেতা হিসেবে ট্যাগ দিচ্ছেন। তবে, তাদের পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি ২৪ আগস্টের পর চর নিলক্ষিয়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেনি।’
চর নিলক্ষীয়া ইউনিয়নের দফাদার জগদীশ চন্দ্র ভৌমিক বলেন, ‘মাদক বিক্রির কারণে তার বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাকে বারবার মাদক বিক্রি বন্ধ করতে নিষেধ করা হলেও তিনি তা মানেননি। পরে এলাকাবাসী একত্রিত হয়ে তার বাড়িঘরে ভাঙচুর করেন।’
অতএব, রাজনৈতিক কারণে নয় বরং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বাড়ি ভাঙচুর করা হয়েছে।
এই প্রতিবেদনটি তৈরি করতে সহযোগিতা করেছেন দেলোয়ার হোসেন।
