মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের দায়িত্বে মইনুল ইসলাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

জাতীয় মানবাধিকার কমিশনের নবনিয়োগপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনাররা। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দায়িত্ব নেন তারা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মানবাধিকার কমিশনের দায়িত্ব গ্রহণের আগে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিন সকালে কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. নূর খান, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন; অধ্যাপক মো. শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক সদস্য, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন (বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক); নাবিলা ইদ্রিস, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন; এবং ইলিরা দেওয়ান, মানবাধিকারকর্মী এবং সাবেক সদস্য, স্থানীয় সরকার সংস্কার কমিশন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপারসন ও কমিশনাররা কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপারসন ও কমিশনাররা কমিশনের বিদ্যমান কার্যক্রম, প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন