মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনা নিয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ধরনের সন্দেহজনক অনলাইন যোগাযোগ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।
দূতাবাস জানিয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এর মধ্যে ব্যাংক হিসাবের তথ্য বা কার্ড নম্বরও রয়েছে।
এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস। প্রথমত, কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে সাড়া না দিতে হবে। দ্বিতীয়ত, কোনো ধরনের প্রলোভন বা অনুরোধের ভিত্তিতে টাকা পাঠানো যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে করা এ ধরনের যোগাযোগের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে সন্দেহজনক অনলাইন যোগাযোগের মাধ্যমে প্রতারিত না হতে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
