মালয়েশিয়ার জোহর রাজ্যে বিএনর নিরঙ্কুশ জয়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকেমালয়েশিয়ার জোহর রাজ্যের ১৬তম রাজ্য নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল (বিএন)। ৫৬টি আসনের মধ্যে ৪৮টিতে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো রাজ্য সরকার গঠন করছে দলটি। এ বিজয়ের মাধ্যমে তারা দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পাশাপাশি আগের নির্বাচনের তুলনায় আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে।

ফলাফল ঘোষনারপর জোহর বাহরুর জালান ইয়াহইয়া আওয়ালে অবস্থিত বিএনর প্রধান নির্বাচন পরিচালনা কেন্দ্রে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে করতালি দেন এবং ‘হিদুপ বিএন’ (বিএন দীর্ঘজীবী হোক) স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো কেন্দ্র।

শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সব আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। সর্বশেষ ফল ঘোষণা করা হয় পুতেরি ওয়াংসা আসনের, যেখানে জয়ী হন বিরোধী জোট পাকাতান হারাপানের (পিএইচ) প্রার্থী।

দি ডেইলি সান এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে বিএন ৪০টি আসন পেয়েছিল। এবার তারা আরও আটটি আসন বাড়িয়ে মোট ৪৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, পিএইচ পেয়েছে মাত্র ৮টি আসন।

বিএনের বিজয়ী আসনগুলোর মধ্যে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পেয়েছে ৩৬টি, মালয়েশিয়ান চাইনিজ অ্যাসোসিয়েশন (এমসিএ) ৮টি এবং মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেস (এমআইসি) ৪টি আসনে জয়ী হয়েছে।

অপরদিকে, পিএইচের শরিক দলগুলোর মধ্যে ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি) ৬টি, পিকেআর একটি এবং আমানাহ একটি আসনে জয় পেয়েছে।
এ নির্বাচনে পেরিকাতান ন্যাশনাল (পিএন), পার্টি বারসামা মালয়েশিয়া (বারসামা), পার্টি সোশিয়ালিস মালয়েশিয়া (পিএসএম), মালয়েশিয়ান ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (মুডা), পার্টি ওরাং আসলি মালয়েশিয়া (আসলি) এবং ছয়জন স্বতন্ত্র প্রার্থী কোনো আসনেই জয় পায়নি।

জোহর বিএন চেয়ারম্যান ও বর্তমান মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজি ফলাফল ঘোষণার পর বলেন, জনগণ বিএনর প্রতি যে বিশাল আস্থা ও সমর্থন দেখিয়েছে, তা অত্যন্ত বিনয়ের সঙ্গে গ্রহণ করা হচ্ছে। এই বিজয় জনগণের সেবা, তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং ‘বাংসা জোহর’-এর কল্যাণে কাজ করার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

নির্বাচনে এমআইসি তাদের প্রতিদ্বন্দ্বিতা করা চারটি আসনেই জয়লাভ করে। অন্যদিকে এমসিএ তাদের প্রতিদ্বন্দ্বিতা করা আটটি আসনের সবকটিতেই বিজয় অর্জন করে, যা দলটির জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিএপি স্কুদাই, মেংকিবোল, বেনতায়ান, সেনাই, পেংগারাম ও স্টুলাং আসনে জয় পেলেও দলটি প্রতিদ্বন্দ্বিতা করা ১৭টি আসনের মধ্যে ১১টিতে পরাজিত হয়েছে। এর মধ্যে পূর্বে তাদের দখলে থাকা জোহর জয়া, তাংকাক, জেমেনতাহ ও পারলিং আসন বিএনর শরিক এমসিএ ও এমআইসির দখলে চলে যায়।

অন্যদিকে, ২০২২ সালের নির্বাচনে তিনটি আসন পাওয়া পেরিকাতান ন্যাশনাল এবার একটি আসনও ধরে রাখতে পারেনি। সাবেক মুখ্যমন্ত্রী ড. সাহরুদ্দিন জামাল বুকিত কেপং আসনে পরাজিত হন। পাশাপাশি এন্ডাউ ও মাহারানি আসনও হারায় জোটটি।

বিরোধী জোট পাকাতান হারাপানের নির্বাচন পরিচালক দাতুক সেরি আমিরুদ্দিন শারি বলেন, ফলাফল যাই হোক, জনগণের কণ্ঠস্বর তুলে ধরা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ বিরোধী দল হিসেবে পিএইচ কাজ চালিয়ে যাবে।

অন্যদিকে, জোহর পাস এক বিবৃতিতে নির্বাচনের ফলাফলকে সম্মানের সঙ্গে গ্রহণ করার কথা জানিয়ে এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ের প্রতিফলন বলে উল্লেখ করেছে।
এ নির্বাচনে মাচাপ আসনে মুখ্যমন্ত্রী ওন হাফিজ গাজি বিপুল ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ১৫ হাজার ৩৭৫ ভোটের ব্যবধানে জয় পান।

এ ছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ড. মাসজলি মালিক পুতেরি ওয়াংসা আসনে চার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ড. আধাম বাবা পাসির রাজা আসন পুনরুদ্ধার করেছেন। পুনরায় মনোনয়ন পাওয়া রাজ্য নির্বাহী পরিষদের (এক্সকো) নয়জন সদস্যই নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। তবে রাজ্য নির্বাচনে অংশ নেওয়া দুই সংসদ সদস্য অন আবু বকর (সেংগারাং) ও সুহাইজান কায়াত (লারকিন) বিএন প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

এদিকে, আইয়ার হিতাম উমনো বিভাগের প্রধান দাতুক সামসোলবারি জামালি টানা ষষ্ঠবারের মতো সেমারাং আসনে জয়ী হয়ে নতুন রেকর্ড গড়েছেন।
উল্লেখ্য, শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বিএন ও পিএইচের ৫৬ জন করে, পিএনের ৩৩ জন, বারসামার ১৫ জন, মুডার ৪ জন, ৬ জন স্বতন্ত্র এবং পিএসএম ও আসলির একজন করে প্রার্থী ছিলেন। নির্বাচনে প্রায় ২৭ লাখ নিবন্ধিত ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন