প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সৌদি আরবের পর অন্যতম বড় শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে সরকার কাজ করছে।
আজ সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সদস্য আতিকুর রহমান মোজাহিদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিল মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত এ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং আমি (আরিফুল হক চৌধুরী) দেশটি সফর করেছি এবং মালয়েশিয়ার সরকার ও আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, অতি দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী প্রেরণের পথ সুগম হবে।
তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ এবং সংকুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মীর প্রেরণের লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে দক্ষকর্মী পাঠানোর উদ্দেশ্যে ১ লাখ ড্রাইভার তৈরির জন্য ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মন্ত্রণালয় এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী প্রেরণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। অধিকহারে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে আলাদা সেল গঠন করা হয়েছে।
