মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ শোক জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রোববার (৮ নভেম্বর) মিশরের গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক।
তিনি নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক কামনা করছেন। একই সঙ্গে মিশর সরকার ও দেশটির জনগণ যেন এ শোক ও ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
