পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সরকারের সময় এক ইঞ্চি রাস্তাও পাকা হয়নি। সরকারের মেয়াদ পূর্তির আগেই আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বরাদ্দে এসব রাস্তার কাজ শুরু হচ্ছে। তাই কাজের গুণগত মানে কোনো ছাড় দেয়া হবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী মালকাডাঙ্গা ও বগদুলঝুলা এলাকায় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
রাস্তা উদ্বোধন শেষে বড়শশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বগদুলঝুলা কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে বড়শশী ইউনিয়নের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। নির্বাচনী প্রচারণায় এই এলাকার মানুষের কাছে রাস্তাঘাটসহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকারের এই ৭ মাসের মধ্যে এখানে দুটি রাস্তা পাকার কাজ শুরু হলো। ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ থেকে রেহাই মিলবে। পাশাপাশি নদী তীরবর্তী এলাকার উৎপাদিত কৃষিপণ্য নির্বিঘ্নে শহরমুখী করা যাবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিমন্ত্রী এসময় বিএনপি নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী সতর্ক করে এসময় আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে বর্তমানে বিরোধী দল ফ্যাসিস্টদের সাথে মিলে কখনও ৯ দফা, কখনো ১১ দফা দিয়ে লংমার্চ করে সরকার পতনের ভয় দেখাচ্ছে। তারা ভুলে গেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি মানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে।
সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে এ সমাবেশে অংশগ্রহণ করেন।
