মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ এএম

মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাউফল থানার সামনে সড়কে পড়ে আলম হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আলম হাওলাদার উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুস সাত্তারের ছেলে। তার এক মেয়ে এবং দুই ছেলে রয়েছে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আলম হাওলাদার মেয়ের বাড়ি নাজিরপুর ইউনিয়নে যান। সেখানে দুপুরের খাবার শেষে বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি কালাইয়ার উদ্দেশে রওনা দেন। বাউফল থানার সামনে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে অন্য একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ দাঁড়ানো অবস্থায় পেছনের দিকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

পরে ঘটনাস্থলে থাকা সিএনজিচালকরা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেদোয়ান আহমেদ রিফাত বলেন, ‘আলম হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন