মেয়ে শামারুহ নয়, বিএনপির মনোনয়ন নিলেন মির্জা ফখরুলের ভাই

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ করেছে বিএনপি। বেশ কয়েক দিন ধরে জোর গুঞ্জন থাকলেও ফরম নেননি আসনটির সাবেক সংসদ সদস্য ও বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।

বরং দলীয় মনোনয়ন ফরম তুলেছেন জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সাল আমিনসহ ৩ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে এই ফরম উত্তোলন করা হয়।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন।

দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

মনোনয়ন ফরম নেওয়া আরও দুই নেতা হলেন- জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের জন্য মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে। আগ্রহী প্রার্থীরা সংগৃহীত মনোনয়নপত্র আজ বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে জমা দিতে পারবেন।

আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় এই আসনটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর থেকে ঠাকুরগাঁও-১ আসনে তার উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন বড় মেয়ে মির্জা শামারুহ। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি এ চিকিৎসাবিজ্ঞানী আসনটিতে প্রার্থী হতে পারেন বলে জোর গুঞ্জন ছিল। তবে মির্জা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য কখনোই আসেনি। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন