মেসির বিদায়বেলায় দুই শব্দে বিশ্বকাপ মাতানো সেই গোলরক্ষকের শ্রদ্ধা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

শেষবারের মতো আজ ১০ নম্বর জার্সি পরে ফেলেছেন মেসি। বেনিনের বিপক্ষে দুই গোল ও এক অ্যাসিস্ট করে শেষটাও নিজের মতো করে রাঙিয়ে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহানায়ক। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়বেলায় লিওনেল মেসির প্রতি দুই শব্দে শ্রদ্ধা জানিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনা। গত বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে গোটা ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিলেন যিনি।

মেসির বিদায়বেলায় তার ইন্সটাগ্রামে ভোজিনহা লিখেছেন, ‘প্রেজার লিন্ডা’। যার বাংলা অর্থ, ‘হে কিংবদন্তি, তোমার সঙ্গে দেখাটা ছিল পরম আনন্দের।’ সাথে বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ১৫টি ছবি যুক্ত করে দেন ভোজিনহা। সেইসঙ্গে ফুটবল ও কালো রঙের ভালোবাসার ইমোজি দেন কেপ ভার্দের গোলরক্ষক।

গত বিশ্বকাপে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে যেন এক অতিমানবীয় রূপকথা লেখার মঞ্চ সাজিয়েছিলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। যেখানে তার মনে লুকিয়ে ছিল এক বিশাল স্বপ্ন—ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যাবেন এবং সেখানে বিশ্বসেরা লিওনেল মেসির পেনাল্টি আটকে দিয়ে কেপ ভার্দেকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয়টি উপহার দেবেন।

টাইব্রেকারে মেসির পেনাল্টি সেভ করে দলকে জেতানোর সেই ঐতিহাসিক স্বপ্নটি ম্যাচের ১১১ মিনিটে এক দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে ভেঙে গেলেও, সেদিন পুরো ১২০ মিনিটের স্নায়ুযুদ্ধে বিশ্বসেরা মেসির চার-চারটি নিশ্চিত গোল যেভাবে রুখে দিয়েছিলেন এই বুড়ো বাজপাখি, তা ফুটবলবিশ্ব চিরকাল মনে রাখবে। ৩-২ ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচ জিতলেও, ম্যাচের আসল নায়ক হিসেবে কোটি ভক্তের হৃদয় জিতে নিয়েছেন ভোজিনহাই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন