জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় আর্জেন্টিনার বুয়েনস এইরেসের মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচটি দেখতে নেইমার জুনিয়র আর্জেন্টিনার মাঠে এসেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
পাশাপাশি, নেইমার স্টেডিয়ামে থাকার একাধিক ছবিও প্রচার করা হয়েছে। দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নেইমারের মেসির বিদায়ী ম্যাচ দেখতে আসার নয় বরং, গত বছরের মে মাসে ব্রাজিলের আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেইওতে (Maceió) পৌঁছান নেইমার। সান্তোস দলের সঙ্গে হোটেলে পৌঁছানোর পর বিপুলসংখ্যক সমর্থক তাকে স্বাগত জানান। সেইসময়কার ভিডিও এটি।
এছাড়া, প্রচারিত ছবিগুলোও আজকের নয়। গত ২৭ সেপ্টেম্বর এনএফএল খেলা দেখতে গিয়েছিলেন নেইমার; সেই সময়কার ছবি।
বিস্তারিত
অনুসন্ধানে ব্রাজিলের গণমাধ্যম O GLOBO গত বছরের ২২ মে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানকার ছবির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২২ মে ব্রাজিলের আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মেসেইওতে সান্তোস দলের হোটেলের সামনে নেইমারকে দেখতে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। সান্তোস সেদিন সিআরবির বিপক্ষে কোপা দো ব্রাজিলের ম্যাচ খেলতে যাচ্ছিল। সেই সময়কার ভিডিও এটি।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ব্রাজিলের আরেক গণমাধ্যম Todo Segundo.
এছাড়া, ভিডিওটি তখন ফুটবল ক্লাব সান্তোসের এক্স অ্যাকাউন্ট থেকেও তখন প্রচার করা হয়েছিল।
এরপর, ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে গত ২৮ সেপ্টেম্বর নেইমারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একই ছবি পোস্ট করা হয়েছে। এছাড়া, একাধিক গণমাধ্যমেও বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর এনএফএল খেলা দেখতে যান। সেই সময়কার ছবি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মেসির বিদায়ী ম্যাচে নেইমার উপস্থিত থাকার তথ্য কোথাও পাওয়া যায়নি।
অতএব, মেসির বিদায়ী ম্যাচ দেখতে আর্জেন্টিনায় নেইমার দাবিতে প্রচারিত ভিডিও এবং ছবিগুলো পুরোনো।
