মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে কোনোভাবেই অপসারণ করা হয়নি বলে উল্লেখ করেছে গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আজ সোমবার গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে 46.00.0000.000.070.18.006.24-97 প্রজ্ঞাপনমূলে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়। প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজের নিয়োগের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি শেষ হবে। সে প্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি 46.00.0000.000.070.18.006.24-১২০ প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোহাম্মদ এজাজকে উত্তর সিটি থেকে অপসারণ করা হয়নি। বরং নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তিনি প্রশাসক পদ থেকে অব্যাহতি পাবেন। এজাজের নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর ১১ ফেব্রুয়ারি সুরাইয়া আক্তার জাহান দায়িত্বভার গ্রহণ করবেন।
