মাইকেল ক্যারিককে বরখাস্ত করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রধান কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনোর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাবটি। টটেনহ্যাম ও চেলসির সাবেক এই কোচ ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নিতে চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচের পদ ছাড়বেন।
‘দ্য মিরর’-এর প্রতিবেদনের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, ৫৪ বছর বয়সী পচেত্তিনো ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে আড়াই বছরের একটি চুক্তিতে সই করেছেন। বর্তমানে প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে ধুঁকতে থাকা দলটিকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব নিচ্ছেন তিনি। ১০ লিগ ম্যাচে মাত্র এক জয়ের লজ্জাজনক পারফরম্যান্সের পর বৃহস্পতিবার ক্যারিককে বরখাস্ত করে ইউনাইটেড। তবে অবিলম্বে দলের দায়িত্ব নিচ্ছেন না পচেত্তিনো। আগামী হাইতির বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব শেষ করেই তিনি ক্লাবে যোগ দেবেন।
পচেত্তিনোর যোগ দেওয়ার সময়সীমা জানিয়ে ক্লাবের বিবৃতিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন মাউরিসিও পচেত্তিনো। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব শেষ হওয়ার পর তাকে ও তাঁর স্টাফদের ছেড়ে দিতে মার্কিন ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতা হয়েছে। ইউনাইটেড তার আক্রমণাত্মক ঘরানার ফুটবল খেলার প্রশংসাও করেছে।
এই নিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যারিক অধ্যায়ের ইতি ঘটল। গত জানুয়ারি মাসে ফিরে এসে ২০২৫-২৬ মৌসুমের শেষ ১৭ ম্যাচের ১২টিতে জয় এনে দলকে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে নিয়ে এসেছিলেন ক্যারিক। তবে চলতি মৌসুমের হতাশাজনক সূচনার পর ক্লাব পরিবর্তন আনার কঠিন সিদ্ধান্তে পৌঁছায়। বিদায়ী কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবটি জানায়, খেলোয়াড় ও কোচ- উভয় হিসেবেই মাইকেল ইউনাইটেডের একজন কিংবদন্তি হয়ে থাকবেন।
দায়িত্ব নেওয়ার শুরুতেই এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে পচেত্তিনোকে। মার্কিন জাতীয় দলের দায়িত্ব শেষ করে ইংল্যান্ডে ফিরে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচ দিয়ে কোচ হিসেবে অভিষেক হবে তার। ইউনাইটেডকে রেলিগেশনের লড়াই থেকে টেনে তুলতে ভাঙা মনোবল ফিরে পাওয়া, ড্রেসিংরুমে নিজের ট্যাকটিক্যাল পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।
সূত্র: গোলডটকম
