মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছেন এসআরবি-৮ এর সদস্যরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এসআরবি-১১ এর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি মো. নুরুজ্জামান বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এসআরবি-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে ২০১৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। তবে রায় ঘোষণার আগে থেকেই আত্মগোপনে ছিলেন নুরুজ্জামান। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী বরিশালের মুলাদী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ অধিনায়ক বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
