যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৪:১৯ এএম

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এবিসি নিউজের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ২৭ মিনিটে) যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল মাত্র ২০.১ কিলোমিটার। ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর