বাংলাদেশের তরুণ প্রজন্ম ও যুবসমাজের উন্নয়ন, কল্যাণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত ‘যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড’-এর নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আশরাফ জালাল খান মনন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই গুরুত্বপূর্ণ বোর্ডে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামের (খান বাড়ি) এক কৃতি সন্তান এডভোকেট আশরাফ জালাল খান মনন। যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬ অনুযায়ী গঠিত এই ব্যবস্থাপনা বোর্ডে সরকার মনোনীত সদস্য হিসেবে তার এই অন্তর্ভুক্তি ও দায়িত্ব প্রাপ্তিতে কিশোরগঞ্জসহ দেশজুড়ে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। নবগঠিত এই বোর্ডে সরকার মনোনীত সদস্যদের মেয়াদ ২ বছর নির্ধারণ করা হয়েছে।
পেশাগত জীবনে সুপ্রিম কোর্টের একজন সফল আইনজীবী হওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতি, সামাজিক ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তৃণমূল ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই দক্ষ সংগঠক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষানবিশ বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) লিগ্যাল এইড সেলের সদস্য সচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট আশরাফ জালাল খান মনন মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। একই সাথে তার হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, “দেশের বেকার যুবকদের স্বাবলম্বী করা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং সারা দেশের নিবন্ধিত যুব সংগঠনগুলোকে সুশৃঙ্খলভাবে আর্থিক অনুদান ও সহায়তা প্রদানের মাধ্যমে দেশের যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক পথে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। মেধা, শ্রম ও সততার মাধ্যমে এই বোর্ডের সদস্য হিসেবে দেশের তরুণ প্রজন্মের ভাগ্য উন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বজায় রাখব।”
এদিকে এডভোকেট আশরাফ জালাল খান মনন যুব কল্যাণ তহবিল বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন যুব ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, তার এই অন্তর্ভুক্তি বোর্ডের কার্যক্রমে আরও নতুন উদ্দীপনা তৈরি করবে এবং দেশের যুবসমাজের কল্যাণে এক অনন্য ভূমিকা রাখবে।
