যে কারণে সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করল ১১ দলীয় জোট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ PM

সিলেট অভিমুখে ট্রেনযোগে আগামী ২১ নভেম্বর হতে যাওয়া ১১ দলীয় জোটের লংমার্চ স্থগিত করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জোটের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, ‘আমাদের চারদিনের কর্মসূচির শেষটা ছিল সিলেট অভিমুখে লংমার্চ। ২১ নভেম্বর এই লংমার্চ হওয়ার কথা ছিল। রাস্তার বেহাল দশার কারণে বিকল্প হিসেবে আমরা ট্রেন নিয়েছিলাম। তবে সব মিলিয়ে ব্যবস্থাপনা জটিল এবং জনগণের দুর্ভোগ হবে বিধায় সিলেট অভিমুখে ট্রেনযোগে লংমার্চ স্থগিত করছি।’

হামিদুর রহমান আজাদ আরও বলেন, ‘জনগণের দাবি নিয়ে লংমার্চগুলো হয়েছে। ৭ দফা দাবি সবগুলোই জনবান্ধব, জনগণের মনের কথা। মনের কথা বলতে রাজপথে নামায় জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। সরকারকে বার্তা দিতে আমরা সক্ষম হয়েছি, জনগণের  তাদের ওপর আস্থা নেই।’

জামায়াতের এই নেতা আরও বলেছেন, সরকার উল্টো পথ চলা শুরু করেছে। তাদের ওপর মানুষের আস্থা নাই। গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিক না হলে, জাতীয় ঐক্য সম্ভব নয়।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা জামাই আদরে আপ্যায়িত হচ্ছে। এতে প্রমাণ হয় সরকার ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য দেখাচ্ছে।

এ সময় দাবি বাস্তবায়নে দ্রুতই নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।