রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের মধ্যে তিনজনকে ১০ দিন করে এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মহাদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা এতে অংশ নেন।
আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বেথুলিয়া গ্রামের মো. আজিজুল শেখের ছেলে মো. জাহিদ শেখ (৩৩), একই গ্রামের মো. মজিদ খানের ছেলে মো. সবুজ খান (২৪), খবির শেখের ছেলে মো. শামিম শেখ (২৫) এবং মহাদেবপুর গ্রামের মৃত আব্দুল মালেক প্রামাণিকের ছেলে মো. ফারুক হোসেন প্রামাণিক (৪৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জাহিদ শেখ, সবুজ খান ও শামিম শেখকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ফারুক হোসেন প্রামাণিককে দেওয়া হয় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাদেবপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
