রাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা, আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার: এনসিপি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ এএম

সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৯ দিনের ব্যবধানে দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহার ও মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২ নভেম্বর) রাত ১০ টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাতের বেলায় দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হতো। এখন তারেক রহমানের সরকারও সেই পথে হাঁটছে। অবিলম্বে গ্যাসের দাম কমিয়ে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

চলমান তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনে সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে পতিত আওয়ামী লীগ।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ বলেন, রাতে সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যাতে মানুষ প্রতিবাদ করার সুযোগ না পায়। আওয়ামী লীগ সরকারের সময় রাত ১২টায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসত। সেই ধারাবাহিকতায় এবারও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ক্ষমতায় আসার পর সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকায়। এভাবে নজিরবিহীন মূল্যবৃদ্ধি জনজীবনে চাপ তৈরি করছে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বক্তব্য দেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর