রাতে মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতা, সকালে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম মিয়া (৪৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি ১৫০ সিসি হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারের খবর জানার পর সোমবার সকালে তাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী গরু বাজারের পশ্চিম পাশে একটি ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই মো. ইব্রাহিম খলিলউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বোয়ালখালী গরু বাজার এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন সেলিম মিয়াকে আটক করে তল্লাশি করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ ও ব্যবহৃত লাল-কালো রঙের মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেলের সিটের নিচে থাকা কালো জিপারের ভেতর থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের নথি অনুযায়ী, উদ্ধার ইয়াবার মোট ওজন ৫ দশমিক ১ গ্রাম।

গ্রেপ্তার সেলিম মিয়া মধ্য বোয়ালখালী এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ৫ অক্টোবর দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে থানার এসআই প্রাণতোষ বণিককে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দীঘিনালা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সেলিম মিয়া ১ নম্বর মেরুং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি জানার পর দীঘিনালা উপজেলা বিএনপির দলের প্রাথমিক সদস্যপদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন