নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়েছেন ঋষভ পান্ত। চতুর্থ দিনে ১৫৩ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। ১০টি চার ও ৬টি ছক্কায় সাজানো তার এই ইনিংসটি শুধু ভারতকে বড় সংগ্রহই এনে দেয়নি, একই সঙ্গে একাধিক রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়েছেন পান্ত।
এই ইনিংসের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর তালিকায় ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পান্ত। টেস্টে তার ছক্কার সংখ্যা এখন ১০৮টি। ১০৭টি ছক্কা নিয়ে এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, তার ছক্কার সংখ্যা ১৩৮টি। তবে ছক্কা হাঁকানোর গতিতে পান্টের ধারেকাছেও নেই কেউ। প্রতি ৪৭.৯৩ বল পর একটি করে ছক্কা হাঁকিয়েছেন তিনি।
শুধু ছক্কার রেকর্ডই নয়, ওয়েলিংটনে সেঞ্চুরি করে আরও একটি ঐতিহাসিক কীর্তি গড়েছেন পান্ত। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, চারটি সেনা (SENA) দেশেই টেস্ট সেঞ্চুরি করা প্রথম এশীয় উইকেটকিপার এখন তিনি। একই সঙ্গে প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবেও এই কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। সব মিলিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে এই কীর্তি গড়া ষষ্ঠ ক্রিকেটার তিনি। তার আগে এই তালিকায় ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
পান্তের এই কীর্তি তাকে টেস্ট ইতিহাসের বিশেষ একটি তালিকাতেও জায়গা করে দিয়েছে। চারটি সেনা দেশে টেস্ট সেঞ্চুরি করা তৃতীয় উইকেটকিপার তিনি। তার আগে এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
এদিনের ইনিংসে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন পান্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) তিন হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তিনি। অর্থাৎ এক ইনিংসেই ছক্কার রেকর্ড, সেনা দেশগুলোতে সেঞ্চুরির অনন্য কীর্তি এবং ডব্লিউটিসিতে তিন হাজার রান, তিনটি বড় অর্জন নিজের করে নিয়েছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।
পান্টের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংসও গড়েছে ভারত। লোকেশ রাহুলের ১৩৬ ও পান্টের ১২৮ রানের পাশাপাশি অধিনায়ক শুবমান গিলের ৯৮ রানে ভর করে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এর মধ্য দিয়ে দেশের বাইরে টেস্টে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়ে ভারত।
