ক্রিশ্চিয়ানো রোনালদো ও বিতর্ক যেন একই বৃত্তে বন্দী। পর্তুগাল জাতীয় দলকে ঘিরে আবারও নতুন এক ঝড়ের কেন্দ্রে চলে এসেছেন দেশটির মহাতারকা ও অধিনায়ক রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া সামান্য একটি ‘লাইক’কে কেন্দ্র করে শুরু হয়েছে জোর সমালোচনা, যা জাতীয় দলে তার ভবিষ্যৎ ও ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
ফরাসি ক্রীড়া মাধ্যম ‘ফুট মার্কাটো’র বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, জাতীয় দলের ড্রেসিংরুম ও কোচের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করেই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন রোনালদো। জাতীয় দলের কোচ জর্জ জেসুস তাঁকে মূল একাদশে না রেখে বিকল্প খেলোয়াড়দের তালিকায় (বেঞ্চে) নাম রাখলে ক্ষুব্ধ হয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ক্রিশ্চিয়ানোকে স্পর্শ করতে পারবে না লেখা একটি পোস্টে ‘লাইক’ দেন পর্তুগিজ অধিনায়ক।
৪১ বছর বয়সী এই ফরওয়ার্ডের দেওয়া এই একটি ‘লাইক’ই এখন ঘি ঢেলেছে বিতর্কের আগুনে। রোনালদোর এই আচরণকে জাতীয় দলের কোচের সিদ্ধান্তের বিরোধিতা এবং নিজের অবস্থান জাহির করার পরোক্ষ চেষ্টা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।
বয়সের কোটা চার দশক পার হলেও পর্তুগাল দলের অন্যতম বড় আকর্ষণ রোনালদোই। তবে জাতীয় দল যখন নতুন প্রজন্মের ওপর ভর করে এগোতে চাইছে, ঠিক সেই সময়েই ৪১ বছর বয়সী মহাতারকার মাঠের পারফরম্যান্স ও দলে তার ভূমিকা নিয়ে আলোচনা তুঙ্গে। সব মিলিয়ে কোচিং স্টাফ ও দলের সতীর্থদের সঙ্গে মহাতারকার টানাপোড়েন কোন দিকে গড়ায়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর ফুটবল বিশ্বের।
সূত্র: গোলডটকম।
