লন্ডনে ইম্পেরিয়াল কলেজের গ্র্যাজুয়েশন ডে ২০২৬ উদযাপন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

লন্ডনে ইম্পেরিয়াল কলেজের গ্র্যাজুয়েশন ডে ২০২৬ উদযাপন
উচ্চশিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করে নতুন ভবিষ্যতের পথে যাত্রা শুরু করলেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হাজারো শিক্ষার্থী। আজ ৩ জুন ২০২৬, ঐতিহাসিক রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হলো ’ইম্পেরিয়েল কলেজ লন্ডন গ্র্যাজুয়েশন ডে ২০২৬’, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা তাদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে সনদ গ্রহণ করেন।

গ্র্যাজুয়েশন শুধু একটি ডিগ্রি অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি একজন শিক্ষার্থীর দীর্ঘ অধ্যবসায়, গবেষণা, জ্ঞানচর্চা এবং ব্যক্তিগত বিকাশের স্বীকৃতি। এই দিনটি তাদের ভবিষ্যৎ কর্মজীবন, নেতৃত্ব, উদ্ভাবন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। র‌্যাঙ্কিংয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যাম্ব্রিজ বিশ্বাবিদ্যালয়ের পর তৃতীয় অবস্থানে থাকা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ইম্পেরিয়াল কলেজ লন্ডন বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে, আর এই প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে বৈশ্বিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে দক্ষিণ কেনসিংটনের পুরো এলাকা ছিল উৎসবমুখর। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে এক্সিবিশন রোড হয়ে কেনসিংটন হাই স্ট্রিট এবং হাইড পার্ক সংলগ্ন এলাকাজুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

শিক্ষার্থীদের দেখা যায় ঐতিহ্যবাহী কালো গাউন ও একাডেমিক হুড পরে অনুষ্ঠানে অংশ নিতে। অন্যদিকে অভিভাবক ও অতিথিরা নিজ নিজ সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত ছিলেন। দক্ষিণ এশিয়ার রঙিন শাড়ি, সালোয়ার-কামিজ, আফ্রিকান ঐতিহ্যবাহী পোশাক, মধ্যপ্রাচ্যের জাতীয় পোশাক, ইউরোপীয় আনুষ্ঠানিক পোশাকসহ নানা সংস্কৃতির বৈচিত্র্যময় উপস্থিতি অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে। বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও জাতীয়তার মানুষের সমাবেশে রয়্যাল অ্যালবার্ট হলের আশপাশের এলাকা যেন বিশ্বনাগরিকত্বের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান দীর্ঘদিনের একটি গৌরবময় ঐতিহ্য। বিশ্ববিদ্যালয়টি গত ছয় দশকেরও বেশি সময় ধরে রয়্যাল অ্যালবার্ট হলে তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করে আসছে। প্রতিবছর পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্নাতক জীবনে প্রবেশ করেন।

এই দিনের ঐতিহাসিক গুরুত্বও বিশেষভাবে উল্লেখযোগ্য। ইম্পেরিয়ালের প্রধান গ্র্যাজুয়েশন ঐতিহ্যের শিকড় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রোথিত, এবং রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, উৎকর্ষতা ও বৈশ্বিক নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বহু নোবেল বিজয়ী, বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিশ্বনেতা এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এটি শুধু তাদের ব্যক্তিগত অর্জনের দিন নয়, বরং তাদের পরিবার ও অভিভাবকদের ত্যাগ, পরিশ্রম এবং সমর্থনেরও স্বীকৃতি। বহু অভিভাবকের চোখে ছিল আনন্দাশ্রু, আর শিক্ষার্থীদের মুখে ছিল নতুন স্বপ্ন ও সম্ভাবনার উচ্ছ্বাস।

গ্র্যাজুয়েশন ডে ২০২৬ তাই শুধু একটি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান নয়; এটি জ্ঞান, পরিশ্রম, বৈচিত্র্য, আন্তর্জাতিক বন্ধুত্ব এবং ভবিষ্যৎ নেতৃত্বের এক অনন্য উদযাপন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত নতুন স্নাতকেরা আজ রয়্যাল অ্যালবার্ট হলের মঞ্চ থেকে বিদায় নিয়ে আগামী দিনের বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, ব্যবসা এবং সমাজ উন্নয়নের অগ্রযাত্রায় নিজেদের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর