দক্ষিণ লন্ডনে এক নারীকে দুই দফায় ধর্ষণের অভিযোগে আদালতে হাজিরা দিয়েছেন পর্তুগিজ-বাংলাদেশি বংশোদ্ভূত ও এসেক্সের সাবেক ক্রিকেটার রবিন দাস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বাড়ি পূর্ব লন্ডনের লেটনস্টোনে। তার বিরুদ্ধে ২০২৪ সালের মার্চে ব্রিকস্টনে যৌন নির্যাতনের এই অভিযোগ ওঠে।
ইনার লন্ডন ক্রাউন কোর্টের কাঠগড়ায় একটি নেভি ব্লু সুট, সাদা শার্ট এবং গাঢ় রঙের টাই পরে হাজির হন রবিন দাস।
মামলার শুনানি শেষে বিচারক ফ্রিয়া নিউবেরি ২০২৮ সালের জানুয়ারিতে পাঁচ দিনের বিচারপ্রক্রিয়া বা ট্রায়ালের দিন ধার্য করেন। শুনানির দীর্ঘ তারিখ নিয়ে আক্ষেপ প্রকাশ করে বিচারক বলেন, আমি দুঃখিত, বর্তমানে আমরা সবাই তীব্র চাপের মধ্যে রয়েছি।
শুনানি শেষে রবিন দাসকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি দেওয়া হয়। ২০২৫ সালের আগস্টে মেট্রোপলিটন পুলিশ তাকে গ্র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।
এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন রবিন দাস। গত বছরের ২১ জুলাই মিডেলসেক্সের বিপক্ষে ওয়ানডে কাপের ম্যাচে ক্লাবের হয়ে তিনি শেষবার মাঠে নেমেছিলেন।
অভিযোগ ওঠার পর চেলমসফোর্ডভিত্তিক ক্লাব এসেক্স রবিন দাসকে সাময়িক বরখাস্ত করে এবং মৌসুম শেষে তার চুক্তি আর নবায়ন করেনি।
এক বিবৃতিতে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, ‘চলতি আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ক্লাবের এক মুখপাত্র যোগ করেন, বিষয়টির গুরুত্ব অনুধাবন করছে ক্লাব এবং মামলার পরিস্থিতি নিয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।
এর আগে ক্লাবটি জানিয়েছিল, ধর্ষণের ঘটনাটি ‘ক্লাবের কোনো কার্যক্রমের বাইরে’ ঘটেছে।
সূত্র: বিবিসি।
