স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী ও গবেষকদের সুবিধার্থে দেশের সরকারি গণগ্রন্থাগারগুলোর সময়সূচি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমান সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় খুলবে গণগ্রন্থাগার, আর বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। পাশাপাশি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পরিবর্তে বৃহস্পতি ও শুক্রবার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ পরিবর্তন কার্যকর হলে শনিবারসহ সপ্তাহে পাঁচ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পাবেন পাঠকরা।
এ লক্ষ্যে গত ১২ নভেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এতে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে দেশে ৭১টি সরকারি গণগ্রন্থাগার পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার, সাতটি বিভাগীয় শহরে বিভাগীয় গণগ্রন্থাগার, বিভাগীয় শহরের বাইরে ৫৬টি জেলা সরকারি গণগ্রন্থাগার, তিনটি উপজেলা সরকারি গণগ্রন্থাগার এবং চারটি শাখা সরকারি গণগ্রন্থাগার।
বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত সরকারি অফিসের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণগ্রন্থাগার খোলা রাখা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যমান জনবল দিয়েই বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারি গণগ্রন্থাগারের পাঠকদের বড় একটি অংশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি শ্রমজীবী ও পেশাজীবী মানুষের একটি অংশ দিনের বেলায় কর্মস্থলে ব্যস্ত থাকেন। ফলে বর্তমান সময়সূচির কারণে তাদের অনেকে গ্রন্থাগারের সেবা নেওয়ার সুযোগ পান না। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস ছুটির পর গ্রন্থাগার বন্ধ হয়ে যাওয়ায় পাঠক ও গবেষকদের ভোগান্তিতে পড়তে হয়।
এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, ‘নতুন সময়সূচি কার্যকর হলে শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী ও গবেষকরা নিজেদের সুবিধামতো সময়ে গ্রন্থাগারে যেতে পারবেন। আশা করি, এতে পাঠকসেবার পরিধিও বাড়বে।’
