মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর নতুন স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চার থেকে পাঁচটি দোকান ও এতে থাকা মালামাল পুড়েছে। এ দুর্ঘটনায় প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ শেখপুর নতুন স্ট্যান্ডের কাঠ ও টিনের তৈরি দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাঁচটি দোকান ও ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকার মতো।
শুক্রবার জুমার নামাজের সময় দোকানগুলো বন্ধ থাকায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ইউনিট নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
