শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিষয়টি বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাদের পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুর বেগমের সঙ্গে সাক্ষাৎ করতে যায় একটি প্রতিনিধি দল।

তারা শিশু রাতুলের অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা তুলে দেন। এ ছাড়া শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর