শ্রীলঙ্কাকে ছাড়িয়ে র‍্যাংকিংয়ে আফগানিস্তানের নতুন ইতিহাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ এএম

সাফল্যের সিঁড়ি বেয়ে ক্রমেই ওপরে উঠছে আফগানিস্তান। একসময় যাদের পরিচয় ছিল ক্রিকেটের নবীন শক্তি হিসেবে, তারাই এখন ওয়ানডে ক্রিকেটে পেছনে ফেলছে প্রতিষ্ঠিত দলগুলোকে। এবার শ্রীলঙ্কাকে (৭) টপকে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে পৌঁছেছে আফগানরা। উঠে এসেছে ছয় নম্বরে।

সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছে আফগানিস্তান। গত আগস্টে আয়ারল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জেতে তারা। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত থাকে দলটি।
শারজায় ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জেতে আফগানিস্তান। টুর্নামেন্টজুড়ে বল হাতে দারুণ ছিলেন রশিদ খান। ১১ উইকেট নিয়ে সিরিজসেরার স্বীকৃতিও জোটে তার কপালে।
 
এ পর্যন্ত ১৯১ ওয়ানডে খেলেছে আফগানিস্তান। জয় পেয়েছে ৯৬টিতে। তাদের জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। র‍্যাংকিংয়ে এর আগে বাংলাদেশ (৯), ইংল্যান্ড (৮) ও ওয়েস্ট ইন্ডিজকে (১০) পেছনে ফেলেছিল তারা। এবার ছাড়িয়ে গেল শ্রীলঙ্কাকেও।

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। এরপর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। অন্যদিকে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে ইংল্যান্ড। ভারত ও অস্ট্রেলিয়া রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন