রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার পর তাকে বহনকারী বুলেটপ্রুফ বাসটি সমাবেশস্থলে পৌঁছায়। পরে ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক এ মিলনের পর বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।
এরপরই পরিবারকে বিদায় দিয়ে লাল-সবুজ গাড়িতে ওঠেন তারেক রহমান। তার গাড়িবহর যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ৩০০ ফিটের দিকে আগায়। বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসাহ-উচ্ছ্বাসে সব মিলিয়ে যেন জনসমুদ্রে পরিণত হয় পুরোটা পথ। বাসে দাঁড়িয়ে দুই হাত নেড়ে তারেক রহমানও শুভেচ্ছা জানান অপেক্ষমান লাখো নেতা-কর্মীকে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে অনেকের কণ্ঠই ভারী হয়ে ওঠে আবেগে। কেউ কেউ বলছিলেন, ‘এটা শুধু দেখা নয়, ফিরে পাওয়ার আনন্দ’।
