বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের উদ্যোগ নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় টানা ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১২ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
নেসকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম শহরসহ জেলার সংস্থাটির আওতাধীন সব এলাকায় শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাটাই করা হবে। এ কাজের জন্য নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম। অন্যদিকে, স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
এদিকে নেসকোর অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো- বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকা।
এসব এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাটাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
