সকাল থেকে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম

জরুরি নির্মাণকাজ ও বিদ্যুৎ লাইনসংলগ্ন গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়ার কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা এবং রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য ৩৩ কেভি রহমান নগর ও ৩৩ কেভি বনানী ফিডার শাটডাউন করা হবে।

এ কারণে আগামী ১০ অক্টোবর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা এই দুই ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জরুরি নির্মাণকাজের স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে সেবামূলক কাজের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে, শনিবার রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে।

এ জন্য নেসকোর ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া তেঘর থেকে বাগধানী এলাকা পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যদিও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন