নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ দেখতে রাতে সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সড়কটির বিভিন্ন অংশ ঘুরে কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মেয়র। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
দীর্ঘদিন সংস্কারের অপেক্ষায় থাকা নগরীর এ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। সড়কটির বিভিন্ন অংশে সংস্কারকাজ শুরু হওয়ায় চলাচলে স্বস্তি ফেরার প্রত্যাশা করছেন নগরবাসী। কার্পেটিংয়ের কাজ শেষ হলে সড়কটির যানচলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই সিটি করপোরেশনের অন্যতম প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কার বঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি বাড়ানোর পাশাপাশি প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে মাঠপর্যায়ে থেকে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি তদারকি করা হচ্ছে।’
