শূন্যপদ পূরণের জন্য দেশের সরকারি দপ্তরগুলোতে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, দ্রুত স্বচ্ছতার সাথে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, সরকারি কর্মচারী নিয়োগে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি হিসাবে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী দেশে বর্তমানে মোট শূন্যপদ রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে গ্রেডভিত্তিকভাবে—১ম থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি শূন্যপদ রয়েছে।
এছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিকসহ অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
