কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে অন্তবর্তী সরকারের অবস্থান স্পষ্ট ও দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গ তুলে প্রশ্নটি করেছিলেন এক সাংবাদিক।
জবাবে শফিকুল আলম জানান, তিনি চিঠিটি দেখেননি। এ বিষয়ে জানেন না। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে না।
চলতি বছরের মে মাসে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়।
