সাগরপথে মালয়েশিয়া পাচারের আগে ১৩ জন উদ্ধার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা ও ১১ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়া দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে অবৈধভাবে সাগরপথে মানুষকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মঙ্গলবার রাতে কয়েকজন নারী-পুরুষকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কচ্ছপিয়া এলাকায় জড়ো করা হয়েছে। পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে উদ্ধার করে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন