সাগরে ৫ দিন ভেসে থাকা ৮ জেলে বোটসহ উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ফিশিংবোটসহ পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আট জেলে একটি ফিশিংবোট নিয়ে মাছ আহরণে বের হন। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যাওয়ার পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সাগরে ভাসতে থাকেন জেলেরা।

পরে গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। অভিযানে বিকল ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করে কোস্টগার্ড। উদ্ধার হওয়া জেলেদের হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন