সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত রিভলভার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের বকচরা নেবাখালি চৌরাস্তা মোড় সংলগ্ন একটি ঘেরের পাশে অস্ত্রটি জব্দ করা হয়।
জানা গেছে, সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) দেওয়া তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস দল বিকেল ২টা ৪৫ মিনিটে অভিযানে নামে। পরে বিকেল ৩টার দিকে বকচরা নেবাখালি চৌরাস্তা থেকে কয়েকশো মিটার দূরে, মাছের ঘেরের পাশে ঝোপের আড়ালে লুকানো অবস্থায় রিভলভারটি পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত রিভলভার উদ্ধার হয়েছে। আমরা যাচাই বাছাই শেষে অস্ত্রের মালিকানা জানাতে পারবো।
