সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন উপাদান, বিভিন্ন ভাতা এবং অবসরজনিত সুবিধা নির্ধারণের জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে তৈরি যৌথ বাহিনী নির্দেশাবলি সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণের জন্য গেজেট প্রকাশ করা হলো।
রোববার (১৫ নভেম্বর) রাতে গেজেটটি প্রকাশ করা হয়। তাতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের সই রয়েছে।
নির্দেশনায় সংশ্লিষ্ট সব শ্রেণির সদস্যের বেতন কাঠামো, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।
